আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: শাল্লায় এমপি নাছির উদ্দীন চৌধুরী
Led Bottom Ad

আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: শাল্লায় এমপি নাছির উদ্দীন চৌধুরী

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৬/০৩/২০২৬ ০৮:০০:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

 সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা মিত্র। আমরা এবং আওয়ামী লীগ মিলেই যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। তাদের সাথে আমাদের কোনো দূরত্ব নেই। আওয়ামী লীগের কেউ যদি আদর্শ মেনে আমাদের দলে আসতে চায় তবে তাদের নেব, কিন্তু কোনো সুযোগ সন্ধানীকে দলে জায়গা দেওয়া হবে না।’ বুধবার (২৫ মার্চ) দুপুরে শাল্লা উপজেলা গণমিলনায়তনে আয়োজিত এক বিশাল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৫শে মার্চ গণহত্যা দিবসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি সভার কার্যক্রম শুরু করেন।

মতবিনিময় সভায় নাছির উদ্দীন চৌধুরী শাল্লাকে একটি দুর্নীতিমুক্ত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলেন, ‘নির্বাচিত হওয়ার পর আপনাদের সমস্যাগুলো সরাসরি শুনতে আমি শাল্লায় এসেছি। এলাকায় চুরির উপদ্রব বেড়েছে বলে শুনেছি, এগুলো আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। যেকোনো প্রয়োজনে আপনারা সরাসরি আমার কাছে আসবেন।’ বক্তব্য চলাকালে তিনি জামায়াত নেতা শিশির মনিরের সমালোচনার জবাবে জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে তারেক রহমান সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা ও পোশাক-পরিচ্ছদ বরাদ্দ দেওয়া হয়েছিল, যা নিয়ে ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। তিনি ইউনিয়ন ও উপজেলা নির্বাচনে দলের প্রতি পূর্ণ আনুগত্য রেখে কাজ করার আহ্বান জানান।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস, আব্দুল করিম মাস্টার, আব্দুল মজিদ এবং এমপির নির্বাচনী চীফ এজেন্ট রুদ্র মিজানসহ স্থানীয় নেতৃবৃন্দ। নাছির উদ্দীন চৌধুরী তাঁর বক্তব্যে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘জীবনের শেষ সময়ে আপনারা যেভাবে ভোট দিয়ে আমাকে জয়ী করেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমার ওপর বিশ্বাস রাখুন, আমি আপনাদের আস্থার প্রতিদান দেব।’ সভায় শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad