তাহিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: তিন পরিবারের সবকিছু পুড়ে ছাই
Led Bottom Ad

নিঃস্ব ২০ লক্ষ টাকার সম্পদ

তাহিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: তিন পরিবারের সবকিছু পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৭/০৩/২০২৬ ১১:৩৫:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি কৃষক পরিবারের বসতঘর, গবাদিপশু, নগদ টাকাসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে মো. জাবেদ আলী, আলম মিয়া ও সজিব মিয়ার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। বর্তমানে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা।

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জাবেদ আলী, আলম মিয়া ও সজিব মিয়ার পরিবারের সদস্যরা চারটি ঘরে বসবাস করতেন। গভীর রাতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘুমের ঘোরে থাকা সদস্যরা কোনো রকমে প্রাণ বাঁচাতে ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও ঘরের ভেতর থেকে কোনো মালামাল রক্ষা করতে পারেননি। গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরের আসবাবপত্র, মজুদকৃত ধান-চাল, নগদ টাকা এবং গোয়ালঘরে থাকা ৩টি গবাদিপশু ও হাঁস-মুরগি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা কান্নায় ভেঙে পড়ে জানান, তাঁরা এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পথে বসে গেছেন।

উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করে বলেন, "মুহূর্তের মধ্যে তিনটি কৃষক পরিবার সব হারিয়ে নিঃস্ব হয়ে গেল। আমি ব্যক্তিগতভাবে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেব। এই দুঃসময়ে আমরা তাঁদের পাশে আছি।" এদিকে তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মহিবুল ইসলাম জানিয়েছেন, অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় দ্রুত প্রয়োজনীয় সরকারি পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল এসব ছিন্নমূল পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad