জ্বালানি সংকট ও পাচার রোধে সুনামগঞ্জে তেল ডিপোতে বিজিবি মোতায়েন
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধির সুযোগে দেশে অবৈধ মজুদ ও পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অবস্থিত যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের বার্জ ডিপোর নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল একেএম জাকারিয়া কাদির জানিয়েছেন, গত ২৫ মার্চ থেকে সারা দেশের ১৯টি গুরুত্বপূর্ণ ডিপোর ন্যায় জামালগঞ্জের এই ডিপোতেও দেড় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ডিপোটি ইউনিট সদর থেকে দূরবর্তী হওয়ায় সাচনা বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে একটি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন।
বিজিবি সূত্র জানায়, একজন কর্মকর্তার নেতৃত্বে মোতায়েনকৃত এই দলটি নিয়মিত তদারকি, প্রশাসনিক নিরাপত্তা এবং অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রয় প্রতিরোধে কাজ করছে। যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি ডিপো কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা হচ্ছে। এছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে সুনামগঞ্জের তিনটি এলসি (LC) পয়েন্টে বিশেষ তল্লাশি ও অতিরিক্ত টহল ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ থেকে পাথর ও কয়লা নামিয়ে দিয়ে শূন্য ট্রাক বা ডাম্পারগুলো যখন পার্শ্ববর্তী দেশে ফিরে যায়, তখন যেন তারা অবৈধভাবে তেল পাচার করতে না পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখছে বিজিবি। এই দৃশ্যমান উপস্থিতির মাধ্যমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনমনে আস্থা ফেরানোই বাহিনীর মূল লক্ষ্য।
লতিফুর রহমান রাজু
মন্তব্য করুন: