তাহিরপুরে নদী থেকে কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার: হত্যার অভিযোগ
Led Bottom Ad

তাহিরপুরে নদী থেকে কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার: হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

৩০/০৩/২০২৬ ১৬:৪৮:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে আজগর আলী (৫৫) নামের এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বিন্নাকুলি গ্রামের পাশে নদীর তীর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত আজগর আলী পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের মৃত ইসমাইলের ছেলে। নিহতের মাথায় গভীর ক্ষত এবং বাম হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে আজগর আলী ও তাঁর স্ত্রী মিয়ারচর কবরস্থান সংলগ্ন একটি দোকানে চা পান করেন। এরপর স্ত্রী বাড়িতে ফিরলেও আজগর আলী আর ফিরে আসেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে যাদুকাটা নদীর তীরে তাঁর নিথর দেহ পড়ে থাকার খবর পায় পরিবার। নিহতের ছেলে সৈয়দ ওরফে শহীদ কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার বাবা কৃষিকাজ করে সংসার চালাতেন। কেউ তাঁকে খুন করে নদীতে ফেলে দিয়েছে। আমরা গরিব মানুষ, আমি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, লাশের মাথায় ছিদ্রসহ একাধিক কাটা-ছেঁড়া জখম পাওয়া গেছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad