ভূমধ্যসাগর ট্রাজেডি: দিরাইয়ে চার দালালের বিরুদ্ধে মামলা দায়ের
Led Bottom Ad

ভূমধ্যসাগর ট্রাজেডি: দিরাইয়ে চার দালালের বিরুদ্ধে মামলা দায়ের

লতিফুর রহমান রাজু. নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

৩১/০৩/২০২৬ ১৩:১৮:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৮ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সুনামগঞ্জের দিরাই থানায় চার দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) গভীর রাতে নিহত সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় নামোল্লেখ করা চার আসামি হলেন—দিরাই উপজেলার সালেহ আহমদ, মিকাইল মিয়া ও মুজিবুর রহমান এবং দোয়ারাবাজার উপজেলার জসিম উদ্দিন। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

নিহতদের স্বজনদের অভিযোগ, দিরাই ও পার্শ্ববর্তী এলাকার একটি শক্তিশালী দালাল চক্রের সাথে জনপ্রতি প্রায় ১২ লক্ষ টাকায় চুক্তি করে তারা লিবিয়া হয়ে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন। বড় ও নিরাপদ নৌযানে করে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা থাকলেও পাচারকারীরা শেষ পর্যন্ত তাদের অত্যন্ত ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় তুলে দেয়। উদ্ধার হওয়া যাত্রীদের তথ্যানুযায়ী, দীর্ঘ সমুদ্রযাত্রায় তীব্র খাদ্য ও পানীয় সংকটে যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন এবং একে একে মৃত্যুবরণ করেন। পাচারকারীদের নির্দেশে অনেকের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয় বলে জানা গেছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে এই নৌকাডুবির ঘটনায় অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়, যার মধ্যে ১৮ জনই বাংলাদেশি। এর মধ্যে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ৬ জন, জগন্নাথপুর উপজেলার ৫ জন এবং দোয়ারাবাজার উপজেলার ১ জন রয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad