ভূমধ্যসাগর ট্রাজেডি: দিরাই ও জগন্নাথপুরে ৯ দালালের বিরুদ্ধে মামলা
Led Bottom Ad

ভূমধ্যসাগর ট্রাজেডি: দিরাই ও জগন্নাথপুরে ৯ দালালের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

৩১/০৩/২০২৬ ১৪:৪০:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

লিবিয়া থেকে অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুর থানায় মানবপাচারকারী চক্রের ৯ সদস্যের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে।


দিরাই উপজেলার বাসুরী গ্রামের নিহত সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান বাদী হয়ে সোমবার গভীর রাতে দিরাই থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। আসামিরা হলেন—দিরাই উপজেলার সালেহ আহমদ, মিকাইল মিয়া, মুজিবুর রহমান এবং দোয়ারাবাজার উপজেলার জসিম উদ্দিন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী মামলাটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।


একই ঘটনায় জগন্নাথপুর থানায় আরও পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে। আসামিরা হলেন—ছাতক উপজেলার বিলাল ও দুলাল, জগন্নাথপুর উপজেলার আজিজুল এবং দোয়ারাবাজার উপজেলার জসিম উদ্দিন ও এনাম। জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


গত শনিবার লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়। বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, নিহতদের মধ্যে ১৮ জন বাংলাদেশি; তাঁদের মধ্যে সুনামগঞ্জ জেলার তিন উপজেলার ১২ জন রয়েছেন।


উদ্ধার হওয়া যাত্রীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সমুদ্রযাত্রায় তীব্র খাবার ও বিশুদ্ধ পানির সংকটে একে একে অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা। পরে অনেকের মৃত্যু হলে পাচারকারীদের নির্দেশে মরদেহ সাগরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।


স্বজনদের অভিযোগ, দিরাই উপজেলার একটি দালালচক্রের সঙ্গে জনপ্রতি প্রায় ১২ লাখ টাকায় চুক্তি করে তাঁরা লিবিয়া হয়ে গ্রিস যাওয়ার উদ্যোগ নেন। নিরাপদ ও বড় নৌযানে নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাঁদের ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় তোলা হয়, যা এই মর্মান্তিক দুর্ঘটনার অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।

এল আর রাজু

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad