সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ব্যবসায়ী পারভেজের দেড় কোটি টাকার স্বপ্ন ছাই
সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্ট সংলগ্ন একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে মার্কেটের পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন শহরের জামতলা এলাকার বাসিন্দা ও বিশিষ্ট ইলেকট্রিক ব্যবসায়ী এ বি এম জাকির হোসেন পারভেজ। তাঁর দোকানের গুদাম ও শোরুমে থাকা প্রায় দেড় কোটি টাকার ইলেকট্রিক মালামাল পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠানটি চোখের সামনে শেষ হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পথে বসেছেন এই ব্যবসায়ী।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পারভেজ জানান, দেড় ঘণ্টাব্যাপী চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে তাঁর সব সম্বল শেষ হয়ে গেছে। তিনি আক্ষেপ করে বলেন, "ফায়ার সার্ভিসের আধুনিক যন্ত্রপাতির অভাব ও জনবল সংকটের কারণে আগুন দ্রুত নেভানো সম্ভব হয়নি, ফলে আমার দেড় কোটি টাকার মালামাল রক্ষা করা গেল না।" বর্তমানে ব্যাংক লোন এবং পরিবারের ভরণপোষণ নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তিনি। আরফিন নগরের বাসিন্দা রওনক বখত জানান, পারভেজের প্রায় ৫০ লাখ টাকার ব্যাংক লোন রয়েছে এবং সরকারি-বেসরকারি সহায়তা ছাড়া তাঁর পক্ষে পুনরায় ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব।
সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ ও সঠিক ক্ষতির পরিমাণ নিরূপণে ইতোমধ্যে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শহরের ব্যবসায়ীরা এই ঘটনার পর ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক যন্ত্রপাতি সরবরাহের জোর দাবি জানিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: