ছাতকে ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ: শঙ্কায় কৃষকরা
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বোরো ফসলের রক্ষাকবচ হিসেবে পরিচিত হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কার্যক্রমে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন থেকে শুরু করে কাজের মান পর্যন্ত সবক্ষেত্রেই ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে; একই ব্যক্তিকে একাধিক কমিটিতে অন্তর্ভুক্ত করা, অপরিকল্পিতভাবে অতিরিক্ত বরাদ্দ প্রদান এবং অনেক বাঁধে এখনো ড্রেসিং কাজ অসম্পন্ন থাকায় আগাম বন্যায় ফসলহানির চরম আশঙ্কায় রয়েছেন স্থানীয় কৃষকরা।
অভিযোগ রয়েছে, উপজেলা মনিটরিং কমিটি ও পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ২৭টি পিআইসির অধিকাংশ প্রকল্পে দায়সারা কাজ করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে পুরাতন বাঁধের ওপর সামান্য মাটি ফেলে মোটা অংকের সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা চলছে। বিশেষ করে জাউয়াবাজার ও চরমহল্লা ইউনিয়নের বিভিন্ন প্রকল্পে অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ ও কাজের তুলনায় কয়েকগুণ বেশি বরাদ্দ দেওয়ার পাশাপাশি নতুন কমিটি গঠন না করে আগের বছরের লোক দিয়েই কাজ করানোর মতো নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের কথা জানিয়েছেন হাওরপাড়ের বাসিন্দারা। যদিও পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সৈদুজ্জামান নাহিদ ২৬ মার্চ পর্যন্ত ৯০ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার দাবি করে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন, তবে মাঠপর্যায়ে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন বাঁধে ফাটল ও ধস দেখা দেওয়ায় কৃষকদের মাঝে উদ্বেগ বাড়ছে।
এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা জানিয়েছেন, তিনি ইতোমধ্যে প্রকল্পগুলো পরিদর্শন শুরু করেছেন এবং তদন্ত সাপেক্ষে কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: