ভোগান্তিতে ৩০০ পরিবার
শান্তিগঞ্জে ঠিকাদারের অবহেলায় দেড় বছর ধরে ঝুলে আছে সুপেয় পানি প্রকল্প
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক এলাকায় সরকারের একটি গুরুত্বপূর্ণ সুপেয় পানি সরবরাহ প্রকল্প ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম অবহেলা ও উদাসীনতায় গত দেড় বছর ধরে বন্ধ হয়ে আছে; ফলে ওই এলাকার প্রায় ৩০০ পরিবার বিশুদ্ধ পানির তীব্র সংকটে মানবেতর জীবনযাপন করছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় গ্রামীণ জনপদে নিরাপদ পানি নিশ্চিত করতে শান্তিগঞ্জের ডুংরিয়া, গণিগঞ্জ ও শিমুলবাঁক এলাকায় প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দে তিনটি সাবমার্সিবল নলকূপ ও জলাধার স্থাপনের কাজ শুরু হলেও 'আল জুবায়ের ট্রেডার্স' নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ অসমাপ্ত রেখেই এলাকা ছেড়ে চলে গেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ২০২০ সালে শুরু হওয়া সাত বছর মেয়াদি এই প্রকল্পের শিমুলবাঁক অংশে পাইপলাইন ও ট্যাংক স্থাপন করা হলেও দীর্ঘ সময় ধরে পানি সরবরাহ চালু না হওয়ায় এবং গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কাজ পুরোপুরি বন্ধ থাকায় প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর রহমান জানিয়েছেন, ঠিকাদার পালিয়ে যাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে বারবার জানানো হলেও কোনো কার্যকর সমাধান মেলেনি, যার ফলে সাধারণ টিউবওয়েলে পানি না ওঠায় গ্রামবাসী অবর্ণনীয় কষ্টে দিন কাটাচ্ছেন।
তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম জানিয়েছেন, অবহেলার কারণে সংশ্লিষ্ট ঠিকাদারকে শাস্তির আওতায় আনা হয়েছে এবং চলতি বছরের জুনের মধ্যে মেয়াদ শেষ হতে চলায় তাকে পুনরায় কাজে যুক্ত করা হয়েছে; দ্রুতই ডুংরিয়া ও শিমুলবাঁক গ্রামের অবশিষ্ট কাজ শেষ করে পানি সরবরাহ নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: