জরাজীর্ণ ঘরেই চলছে কার্যক্রম
তাহিরপুরে এক দশকেও আলোর মুখ দেখেনি বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের নিজস্ব ভবন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের নিজস্ব ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের এক দশক পেরিয়ে গেলেও আজও তা বাস্তবায়ন না হওয়ায় চরম দুর্ভোগের মাঝে জরাজীর্ণ টিনশেড ঘরেই চলছে আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম; ২০১৩ সালে স্থানীয় ব্যবসায়ী ও জননিরাপত্তার স্বার্থে চালু হওয়া এই অস্থায়ী ক্যাম্পটি বর্তমানে তদন্তকেন্দ্র হিসেবে ব্যবহৃত হলেও নিজস্ব অবকাঠামো না থাকায় বৃষ্টিতে ছাদ দিয়ে পানি পড়া, অপর্যাপ্ত স্যানিটেশন এবং নিরাপত্তা বেষ্টনীহীন পরিবেশে ১০ জন পুলিশ সদস্যকে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে।
জানা যায়, ২০১৬ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাদাঘাট-দিঘিরপাড় সড়কের পাশে তদন্তকেন্দ্রের নতুন ভবনের জন্য ৫১ শতাংশ জমির ওপর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, কিন্তু দীর্ঘ সময় পার হলেও নির্মাণকাজের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদস্যরা জানিয়েছেন, পর্যাপ্ত বিশ্রামাগার ও নিরাপদ অস্ত্রাগার না থাকায় তাদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে, এমনকি ঝড়-বৃষ্টির দিনে দাপ্তরিক নথিপত্র রক্ষা করাও কঠিন হয়ে পড়ে। বাদাঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভবন নির্মাণের জন্য জায়গা ও ভিত্তিপ্রস্তর থাকলেও রহস্যজনক কারণে কাজ শুরু হচ্ছে না, অথচ বাণিজ্যিক এই এলাকার নিরাপত্তায় একটি পূর্ণাঙ্গ ও আধুনিক পুলিশ ভবন অত্যন্ত জরুরি।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: