দিরাইয়ে বসতবাড়িতে হামলা-লুটপাট ও ধর্ষণ চেষ্টার অভিযোগ
সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মকসদপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি বসতবাড়িতে ভয়াবহ হামলা, ভাঙচুর, লুটপাট এবং এক নারীকে টেনেহিঁচড়ে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গত ৩১ মার্চ (মঙ্গলবার) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গ্রামের জিলু মিয়ার নেতৃত্বে একদল সশস্ত্র লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোছাঃ মাসেদা বেগমের বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায়। হামলায় বাধা দিতে গিয়ে মাসেদা বেগমের বৃদ্ধ বাবা আবু আহমদ (৬৫) ও মা আঙ্গুরা বেগম (৫৮) গুরুতর আহত ও রক্তাক্ত জখম হন, যাদের পরবর্তীতে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাসেদা বেগম তাঁর অভিযোগে উল্লেখ করেন যে, হামলাকারীরা ঘর থেকে নগদ ২ লক্ষ টাকা ও ২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৪ লক্ষ ২০ হাজার টাকার মালামাল লুট করে এবং জিলু মিয়ার নির্দেশে জুবের, সুহেল, এমরান ও আল আমিন নামের যুবকরা তাঁকে জোরপূর্বক ঘরের বাইরে অন্ধকারে নিয়ে গেলে জিলু মিয়া তাঁকে ধর্ষণের চেষ্টা চালায়।
ভুক্তভোগী পরিবারটি দাবি করেছে যে, ২ এপ্রিল (বৃহস্পতিবার) রাতেও পুনরায় তাঁদের বাড়িতে হামলা চালানো হয়েছে এবং তাঁরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: