তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের অত্যন্ত ঝুঁকিপূর্ণ আলমখালী বাঁধের ক্লোজার নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে তিনি এই বাঁধসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের বোরো ফসল রক্ষা বাঁধের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক, উপ-প্রকৌশলী মনির হোসেন, জেলা বিএনপির সাবেক নেতা রায়হান কবির ও স্থানীয় ইউপি সদস্য সামায়ুনসহ বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সরাসরি কৃষকদের সাথে কথা বলে বাঁধের কাজের মান সম্পর্কে জানতে চাইলে তারা সন্তোষ প্রকাশ করে জানান যে, পূর্বের তুলনায় বর্তমানে বাঁধটি অনেক বেশি মজবুত ও টেকসইভাবে নির্মাণ করা হয়েছে, যা হাওরে জমতে থাকা বৃষ্টির পানি থেকে ফসল রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এর আগে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বাঁধ পরিদর্শনে গিয়ে কাজের ধীরগতি দেখে ৪ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন এবং সেই নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) সফলভাবে কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। তাহিরপুর উপজেলার ছোট-বড় ২৩টি হাওরের প্রায় ১৮ হাজার হেক্টর জমির বোরো ফসল রক্ষায় এ বছর ১৭ কোটি টাকা ব্যয়ে ৮৮টি প্রকল্পের মাধ্যমে এই বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ পরিচালিত হচ্ছে, যা বর্তমানে প্রায় সমাপ্তির পথে। জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া কাজের গুণগত মান বজায় রেখে বাকি থাকা ফিনিশিং কাজগুলো দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেছেন যাতে আগাম বন্যায় কৃষকের সোনালী ফসল কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।
এ রহমান
মন্তব্য করুন: