সুবিপ্রবিতে দ্বিতীয় ধাপে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন
সারা দেশের ন্যায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (সুবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট ও আব্দুল মজিদ কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ কেন্দ্রে মোট ১ হাজার ৬৫ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও পরীক্ষায় উপস্থিত ছিলেন ৬৮১ জন শিক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৬৩.৯৪ শতাংশ এবং অনুপস্থিত ছিলেন ৩৮৪ জন।
সুবিপ্রবি উপাচার্য জানান, পুরো পরীক্ষা প্রক্রিয়া অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং পরীক্ষার্থীরাও কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, এ বছর গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী আবেদন করেছেন, যার মধ্যে ‘বি’ ইউনিটে লড়ছেন ৯৩ হাজার ১০২ জন এবং আগামী ১০ এপ্রিল ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষায় ৩ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা রয়েছে। ১০০ নম্বরের এই এমসিকিউ পদ্ধতিতে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে এবং ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। দেশের ২১টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এই ভর্তি যুদ্ধের মাধ্যমে প্রায় সাড়ে ১৩ হাজার আসনে মেধাবী শিক্ষার্থীদের ভর্তির সুযোগ নিশ্চিত করা হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে।
এ রহমান
মন্তব্য করুন: