দিরাইয়ে হাওর রক্ষা পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বোরো ফসলের সুরক্ষা নিশ্চিত করতে হাওর রক্ষা বাঁধের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আশেকুর রহমান। শুক্রবার (৩ এপ্রিল) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাওর ও বাঁধের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে সিনিয়র সহকারী সচিব দিরাই উপজেলার বিভিন্ন পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) কর্তৃক নির্মিত বাঁধের স্থায়িত্ব ও গুণগত মান যাচাই করেন। তিনি হাওরের ফসলের বর্তমান অবস্থা দেখেন এবং কৃষকদের আগাম ধান কাটার অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন। এছাড়া এলাকার জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন স্লুইসগেটের কার্যকারিতা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে সচল আছে কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাইয়ুম। এছাড়াও বিভিন্ন পিআইসি কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্থানীয় কৃষক প্রতিনিধিরা উপস্থিত থেকে মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র তুলে ধরেন।
পরিদর্শন শেষে উপস্থিত কৃষক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে আশেকুর রহমান বলেন,"হাওরের ফসল এ অঞ্চলের মানুষের প্রাণ। বাঁধের কাজে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।"
তিনি দ্রুততম সময়ের মধ্যে পাকা ধান ঘরে তোলার জন্য কৃষকদের উৎসাহিত করেন এবং জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রয়োজনীয় কারিগরি দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া পানি উন্নয়ন বোর্ডকে নিয়মিত বাঁধ তদারকি এবং পিআইসিগুলোকে স্বচ্ছতার সাথে কাজ করার কড়া নির্দেশ দেন।
প্রীতম দাস
মন্তব্য করুন: