দোয়ারাবাজারে কালবৈশাখীর তাণ্ডব: লন্ডভন্ড মার্কেট, বিদ্যুৎ বিপর্যয়ে জনভোগান্তি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কালবৈশাখী ঝড়ের প্রবল তাণ্ডবে সুরমা ইউনিয়নের শরীফপুর সাইডিংঘাটে অবস্থিত ‘মোবারক আলী মার্কেট’ লন্ডভন্ড হয়ে গেছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ শুরু হওয়া এই ভয়াবহ ঝড়ে মার্কেটের ওপরের টিনগুলো উপড়ে গিয়ে পার্শ্ববর্তী সড়কে আছড়ে পড়ে, যার ফলে ওই রাস্তায় কয়েক ঘণ্টা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই তীব্র বেগে ঝড়ো হাওয়া শুরু হয় এবং মুহূর্তের মধ্যে মার্কেটের ছাউনি উড়ে গিয়ে রাস্তায় পড়ে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করে; তবে ভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঝড়ের প্রভাবে শান্তিপুর এলাকাসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি হেলে পড়া ও ভেঙে যাওয়ার পাশাপাশি গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, দোকানপাটের ছাউনি উড়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. লুৎফুর রহমান জানান, ঝড়ে গাছপালা ও বিদ্যুৎ ব্যবস্থার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, তবে ইউনিয়ন পরিষদ থেকে পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির তালিকা হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম আর সোহাগ
মন্তব্য করুন: