ফেসবুক পোস্ট নিয়ে ছাতকে দু’পক্ষের সংঘর্ষ: আহত ২০
Led Bottom Ad

ফেসবুক পোস্ট নিয়ে ছাতকে দু’পক্ষের সংঘর্ষ: আহত ২০

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৪/০৪/২০২৬ ১৭:০২:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কাইল্যাচর গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিরূপ মন্তব্যের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে বেশ কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুরের খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত তেরাব আলীর ছেলে মাওলানা নজমুল হক নসিব সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ফেসবুকে একটি পোস্ট দিলে সেখানে সুন্দর আলীর ছেলে লাহিন মিয়া (২০) আপত্তিকর মন্তব্য করেন; যা নিয়ে শুক্রবার রাতেই উত্তেজনার সূত্রপাত হয়। পরিস্থিতি শান্ত করতে গ্রামের মুরব্বি বিএনপি নেতা নুরুল হক ও ব্যবসায়ী হাফিজ আফজাল হোসেন উভয় পক্ষকে পোস্ট মুছে ফেলার আহ্বান জানালে মাওলানা নজমুল হক পক্ষ তা মেনে নিলেও অপরপক্ষ অসম্মতি জানায়, যার ফলে শনিবার সকালে নুরুল আমিন ও আব্দুস সহিদ পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে গুরুতর আহত লাহিন মিয়া (২০), নুরুল আমিন (৩৫), আব্দুস সোবহান (৫৫), সুফিয়ান (২০), নাছির উদ্দিন (৩৮), সালাহ উদ্দিন (৩৫), আকছার আলী (২২), এমাদ উদ্দিন (২৫), জইন উদ্দিন (৪০) ও আব্দুল আজিজসহ (৪২) অন্যান্যদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও রোববার সকাল পর্যন্ত চরম উত্তেজনা বিরাজ করছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানিয়েছেন, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার শান্তি রক্ষায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ সম্মিলিতভাবে কাজ করছে বলে জানা গেছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad