সভাপতি মানিক, সম্পাদক পংকজ
ছাতকে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলা চত্বরস্থ শিক্ষক সমিতি মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে আগামী ৩ বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সম্মেলনে সমিতির সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাদ উদ্দিন মানিককে সভাপতি, কহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ স্কাউট উপজেলা শাখার কোষাধ্যক্ষ পংকজ দত্তকে সাধারণ সম্পাদক এবং খাঁসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদুর রহমান মানিককে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক দুলন তরফদারের সভাপতিত্বে ও পংকজ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির জেলা শাখার সভাপতি হারুন রশীদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে হবে এবং ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে সাধারণ শিক্ষকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক এ এইচ এম আসাদুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরে-বাংলা পদকপ্রাপ্ত শিক্ষক সাইদুল আলম ডালিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি ইমাদ উদ্দিন মানিক। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ-সভাপতি বিপ্রেশ চন্দ, শিক্ষক অধির চন্দ্র দাস, কবির আহমদ, দুলাল হালদার, ছমির আলী, সিরাজুল ইসলাম ও লোকমান হোসেন নোমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক মোস্তাফিজুর রহমান এবং গীতা পাঠ করেন প্রণব চক্রবর্তী। নবনির্বাচিত নেতৃবৃন্দ উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে সচেষ্ট থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এই সম্মেলনের মধ্য দিয়ে ছাতক উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: