ছাতকে স্ত্রীকে পিটিয়ে হত্যা: ঘাতক স্বামী আটক
Led Bottom Ad

দুই সন্তান নিখোঁজ

ছাতকে স্ত্রীকে পিটিয়ে হত্যা: ঘাতক স্বামী আটক

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৭/০৪/২০২৬ ১৮:১১:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতকে পারিবারিক কলহের জেরে সুবর্ণা বেগম (৩০) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সোমবার রাতে ছাতক পৌর শহরের চৌধুরী ঘাট সংলগ্ন একটি বাসায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘাতক স্বামী জুবায়ের আহমেদ সাদ্দামকে (৪০) আটক করেছে পুলিশ। সে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতদনালী গ্রামের সিরাজ মিয়ার পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে চরমহল্লা ইউনিয়নের আব্দুল্লাচর গ্রামের রফিক মিয়ার কন্যা সুবর্ণার সাথে সাদ্দামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের পরিবারে অশান্তি ও অমিল বিরাজ করছিল এবং সাদ্দাম প্রায়ই স্ত্রীর ওপর নির্যাতন চালাত। সোমবার রাতে নির্যাতনের এক পর্যায়ে সুবর্ণা মারা গেলে মঙ্গলবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের শরীরে আঘাতের অসংখ্য চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে রহস্যজনকভাবে ঘটনার পর থেকে ওই দম্পতির দুই শিশু সন্তানকে বাসায় খুঁজে পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক (সার্কেল) মোহাম্মদ মুরসালিন ও ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, ঘাতক স্বামী আটক থাকলেও ঘটনার প্রকৃত কারণ ও নিখোঁজ সন্তানদের উদ্ধারে তদন্ত চলছে। দুই সন্তানের জননীকে এমন নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad