দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু
Led Bottom Ad

দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,দিরাই

০৮/০৪/২০২৬ ১৯:৪৭:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাই পৌরশহরের মজলিশপুর গ্রামে নিজ বাসায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সহকারী শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম অসিত চন্দ্র দাস (৩৩)। তিনি উপজেলার রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং চরনারচর ইউনিয়নের সতানন্দপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সতিশ চন্দ্র দাসের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে তিনি নিজের নির্মাণাধীন বাসার আঙিনায় বৈদ্যুতিক লাইনের মেরামতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ফলে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট সংগ্রহের কাজ শুরু করেছে।

একজন তরুণ ও মেধাবী শিক্ষকের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর সহকর্মী, শিক্ষার্থী ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাসভবন ও এলাকায় বর্তমানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বৈদ্যুতিক কাজ করার সময় পর্যাপ্ত সতর্কতা অবলম্বন না করায় এই অকাল মৃত্যুর ঘটনা ঘটেছে। বর্তমানে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষক সমাজ।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad