দিরাইয়ে পৃথক সংঘর্ষে দুইজন নিহত, আহত অন্তত ২০
সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে পৃথক দুটি রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে ইউনিয়নের রফিনগর ও সাদিরপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রফিনগর গ্রামে হাঁস নিয়ে তুচ্ছ ঘটনার জেরে আব্দুল জিহাদ ও শফিক মিয়ার পক্ষের লোকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। এতে শফিক মিয়ার পক্ষের গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
অন্যদিকে, একই ইউনিয়নের সাদিরপুর গ্রামে ধান শুকানোর খলার রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হোসাইন মিয়া ও আহাদ নূরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের আঘাতে আহাদ নূর (২৫) নামের এক যুবক প্রাণ হারান। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মনি রানী তালুকদার পৃথক দুটি সংঘর্ষে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। বর্তমানে গ্রাম দুটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এসব ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: