সুনামগঞ্জে সুপেয় পানির তীব্র সংকট: বিশ্ব পানি দিবসে বিশিষ্টজনদের উদ্বেগ
Led Bottom Ad

সুনামগঞ্জে সুপেয় পানির তীব্র সংকট: বিশ্ব পানি দিবসে বিশিষ্টজনদের উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৯/০৪/২০২৬ ১৪:৪৫:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হাওরবেষ্টিত জনপদ হওয়া সত্ত্বেও সুনামগঞ্জে সুপেয় পানির ভয়াবহ সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট জনদুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। বিশ্ব পানি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা এএলআরডি (ALRD)-এর সহযোগিতায় এবং স্থানীয় বিভিন্ন সহযোগী সংস্থার উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, চারদিকে বিশাল জলরাশি থাকলেও হাওরাঞ্চলের মানুষের জন্য এক ফোঁটা নিরাপদ পানীয় জল সংগ্রহ করা দিন দিন কঠিন হয়ে পড়ছে; বিশেষ করে ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং প্রাকৃতিক উৎসগুলো দূষিত হওয়ায় এই সংকট এখন মানবাধিকার ও লিঙ্গসমতার ইস্যুতে পরিণত হয়েছে। অনুষ্ঠানের মূল প্রবন্ধে উল্লেখ করা হয় যে, নিরাপদ পানি সংগ্রহের জন্য নারী ও মেয়েশিশুদের দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে গিয়ে চরম স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তাহীনতার সম্মুখীন হতে হচ্ছে।

পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে এবং আরডিএসএ-এর নির্বাহী পরিচালক মিজানুল হক সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কবি ও গবেষক সুখেন্দু সেন, গবেষক ইকবাল কাগজী এবং প্রথম আলোর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমানসহ স্থানীয় সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা থেকে হাওরাঞ্চলের পানি সংকট নিরসনে জলবায়ু সহনশীল পানির উৎস (গভীর নলকূপ ও রেইন ওয়াটার হারভেস্টিং) বৃদ্ধি করা, নদী ও জলাশয় দখল-দূষণমুক্ত করা এবং পানি নীতিতে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তারা এই সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার এবং বিশেষ করে নারী ও শিশুদের জন্য নিরাপদ স্যানিটেশন ও পানির সহজলভ্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad