মধ্যনগরে নিহত আরমানের বাড়িতে এমপি কামরুল
সুনামগঞ্জের মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় নিহত আরমান মিয়ার শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। আজ সোমবার বিকেলে উপজেলার শালীয়ানী গ্রামে নিহত আরমানের নিজ বাড়িতে গিয়ে তিনি শোকার্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাঁদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য দলীয় নেতাকর্মীদের নিয়ে আরমান মিয়ার কবর জিয়ারত করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ পিতা চানপর মিয়া সবার কাছে দোয়া চাইতে গিয়ে এমপির সামনেই জ্ঞান হারিয়ে ফেলেন, যা উপস্থিত সকলের মাঝে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করে। শোকাতুর পরিবারটির প্রতি সমবেদনা জানিয়ে কামরুজ্জামান কামরুল তাঁর ব্যক্তিগত তহবিল থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং স্থানীয় নেতাকর্মীদের পরিবারটির নিয়মিত দেখাশোনার নির্দেশ দেন।
হাওর রক্ষা বাঁধের যে স্থানে মাটিধসে আরমান প্রাণ হারিয়েছেন, স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সেখানে একটি স্লুইসগেট নির্মাণ করার ঘোষণা দেন সংসদ সদস্য। তিনি প্রতিশ্রুতি দেন যে, ওই স্লুইসগেটটি নিহত আরমানের নামে নামকরণ করা হবে।
উল্লেখ্য, গত রবিবার (১২ এপ্রিল) মধ্যনগর উপজেলার গুড়াডুবা হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধ কাটতে গিয়ে মাটির নিচে চাপা পড়ে শালীয়ানী গ্রামের চানপর মিয়ার একমাত্র ছেলে আরমান মিয়া (২০) মর্মান্তিকভাবে নিহত হন। তাঁর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ রহমান
মন্তব্য করুন: