শান্তিগঞ্জে ‘হাওর বাঁচাও আন্দোলন’-এর দুই নেতা বহিষ্কৃত
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওর ও কৃষক অধিকার রক্ষায় সোচ্চার সংগঠন ‘হাওর বাঁচাও আন্দোলন’-এর উপজেলা কমিটির দুই শীর্ষ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড এবং দুর্নীতির সাথে সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন— উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আওলাদ হোসেন এবং সহ-সভাপতি সাজ্জাদুর রহমান।
গতকাল সোমবার (১৩ এপ্রিল) বিকেলে শান্তিগঞ্জ উপজেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এই ঘোষণা দেন। লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৮ এপ্রিল আওলাদ হোসেন ও সাজ্জাদুর রহমানের নেতৃত্বে সংগঠনের কতিপয় সদস্য একটি অননুমোদিত সংবাদ সম্মেলন করেন। সেখানে তাঁরা সংগঠনের বর্তমান সভাপতি মোঃ আবু সঈদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলেন এবং গঠনতন্ত্র লঙ্ঘন করে নিজেরাই নতুন সভাপতি ঘোষণা করেন, যা সংগঠনের মূল কাঠামোর পরিপন্থী।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বহিষ্কৃত এই দুই নেতার বিরুদ্ধে হাওরের বাঁধ নির্মাণ প্রকল্পের পিআইসি’র সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে, যা সংগঠনের নীতিমালার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। তাঁরা দীর্ঘদিন ধরে সংগঠনের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি এবং মিথ্যা প্রচারণার মাধ্যমে সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করছিলেন।
উপজেলা কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে অনুমোদনের জন্য সুনামগঞ্জ জেলা কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলন শেষে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, "হাওর বাঁচাও আন্দোলন কৃষকের স্বার্থে কাজ করে। এখানে কোনো ব্যক্তির বিশৃঙ্খলা বা ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার সুযোগ নেই। সংগঠনের ঐক্য বজায় রাখতেই আমরা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।" এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার জন্য জেলা কমিটিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: