সুনামগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পণ্যবাহী ট্রাকের চাপায় শাহরিয়ার হোসেন (১৭) নামে এক কিশোর মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ইকড়ছই অটোরিকশা স্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার সিলেটের বিশ্বনাথ উপজেলার তেঘরি (নোয়াগাঁও) গ্রামের কমলা মিয়ার ছেলে। তাঁরা বর্তমানে পরিবারসহ জগন্নাথপুরের ইকড়ছই এলাকায় বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে শাহরিয়ার ছিটকে ট্রাকের পেছনের চাকার নিচে চলে যান এবং ট্রাকটি তাঁকে বেশ কিছুদূর টেনেহিঁচড়ে নিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি ভাঙচুর করার চেষ্টা চালায় এবং সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ওই কিশোরের মৃত্যু হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: