সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান
‘ফ্যাসিস্ট আমলে নিয়োগকৃত ডিলারদের বাদ দিতে দ্রুত ব্যবস্থা নেবে সরকার’
সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগকৃত সার ও রেশনিং ডিলারদের নিয়োগ বাতিল করে নতুন ডিলার নিয়োগের বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে চিফ হুইপ নুরুল ইসলাম মনির এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।
এর আগে সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বর্তমানে রেশনিং ও সার বিতরণের দায়িত্বে থাকা ডিলাররা সাধারণ মানুষকে চরম হয়রানি করছেন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে এবং বাজার স্থিতিশীল রাখতে ‘ফ্যাসিস্ট’ আমলে নিয়োগ পাওয়া এসব ডিলারদের অবিলম্বে বিতাড়িত করে নতুন নিয়োগ দেওয়া প্রয়োজন। চিফ হুইপের এই প্রস্তাবের সময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সেটিকে জোরালোভাবে সমর্থন ও স্বাগত জানান।
সংসদ সদস্যদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “চিফ হুইপ যখন বক্তব্যটি উপস্থাপন করেন, তখন আমি খেয়াল করেছি পুরো সংসদ বিষয়টি অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে। যেহেতু এই বিষয়ে পুরো সংসদের ঐক্যবদ্ধ সম্মতি রয়েছে, তাই সরকার অবশ্যই দ্রুত সময়ের মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।” সরকারের এই ঘোষণাকে কৃষিবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা, যা সার ও নিত্যপণ্যের সরবরাহ চেইনকে স্বচ্ছ করতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ রহমান
মন্তব্য করুন: