মির্জা ফখরুলের বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যকে অগণতান্ত্রিক, উসকানিমূলক ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৫ এপ্রিল) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, শনিবার নয়াপল্টনে বিএনপির সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূল করার যে হুমকি দিয়েছেন, তা অত্যন্ত অনভিপ্রেত। তিনি অভিযোগ করেন, বিএনপি মহাসচিবের এই বক্তব্য পতিত আওয়ামী ফ্যাসিবাদীদের ভাষার প্রতিফলন, যা দেশকে পুনরায় সহিংসতা ও নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত বহন করে। ১৮ কোটি মানুষ যখন রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে একদলীয় শাসন থেকে মুক্তি পেয়েছে, তখন সংসদের বিরোধী দলকে নির্মূলের এই হুমকি কর্তৃত্ববাদী শাসন কায়েমের ষড়যন্ত্রের অংশ বলে জামায়াত মনে করে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, কোনো দল যখন আদর্শ ও যুক্তি দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করতে ব্যর্থ হয়, তখনই কেবল এমন দেউলিয়া বক্তব্য দেয়। তিনি স্মরণ করিয়ে দেন যে, বিগত সাড়ে ১৭ বছর আওয়ামী লীগ শত চেষ্টা করেও জামায়াতকে নির্মূল করতে পারেনি। বরং যারা জামায়াতকে ধ্বংস করতে চেয়েছে, তারাই জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে।
বিবৃতিতে জামায়াত নেতা বিএনপি মহাসচিবকে এ ধরনের অপরিণামদর্শী ও উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থেকে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, হুমকি-ধমকি দিয়ে জামায়াতে ইসলামীকে কাবু করা যাবে না এবং দেশের জনগণ এ ধরনের অগণতান্ত্রিক আচরণকে কখনোই গ্রহণ করবে না।
এ রহমান
মন্তব্য করুন: