মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ জাহাজ ‘তোস্কা’: ছয় ইরানি নাবিককে মুক্তি
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হাতে ওমান উপসাগরে জব্দ হওয়া কন্টেইনারবাহী জাহাজ ‘তোস্কার’ ছয়জন নাবিককে মুক্তি দেওয়া হয়েছে। দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর এই মুক্তি সম্ভব হয়েছে বলে বুধবার (২৯ এপ্রিল) ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিশ্চিত করেছে। তবে জাহাজের বাকি ২২ জন নাবিক এখনো যুক্তরাষ্ট্রের হেফাজতে বন্দি রয়েছেন।
সম্প্রতি চীন থেকে ইরানের বন্দর আব্বাসের দিকে যাত্রারত জাহাজ ‘তোস্কা’ নিয়ন্ত্রণে নেয় মার্কিন নৌবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, জাহাজটিকে প্রায় ছয় ঘণ্টা ধরে সতর্ক সংঙ্কেত দেওয়া হলেও তা উপেক্ষা করায় তারা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে, ইরান এই ঘটনাকে ‘সমুদ্র দস্যুতা’ হিসেবে আখ্যায়িত করেছে। তেহরান জানিয়েছে, নাবিকদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে তারা তাৎক্ষণিক কোনো সামরিক জবাব দেয়নি, বরং কূটনৈতিক পথে সমাধানের চেষ্টা চালাচ্ছে।
ইতিমধ্যে মুক্তি পাওয়া ছয় নাবিক ইরানে ফিরেছেন। তবে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, বাকি নাবিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সামরিক পদক্ষেপ স্থগিত রাখা হয়েছে। পরিবার ও নাবিকদের সুরক্ষা নিশ্চিত হওয়ার পর ‘সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনীর’ বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইরান। উল্লেখ্য, এই ঘটনার প্রতিক্রিয়ায় ইরান ওই অঞ্চলে মার্কিন নৌযানের দিকে ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট ওমান উপসাগরে এমন সংঘাতের ফলে বিশ্ববাজারে অস্থিরতার শঙ্কা দেখা দিয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: