এক বছরের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার ঘোষণা মির্জা ফখরুলের
আগামী এক বছরের মধ্যে দেশের স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৬’-এর তৃতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের আলোচনা পর্ব শেষে মির্জা ফখরুল বলেন, “আগেও বলেছি, এখনো বলছি— আমরা চেষ্টা করব আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করার।” তিনি স্থানীয় সরকারকে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন, এটি তৃণমূলের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারলেই দেশের গণতন্ত্র শক্তিশালী হবে।
জেলা প্রশাসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্ব দিতে হবে। তবে সব কাজে জনগণকে সঙ্গে রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “জনগণই হচ্ছে এই দেশের মালিক।”
বিগত সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, গত ১৬ বছরে স্থানীয় সরকারের যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে গত দুই বছর রাস্তাঘাট সংস্কারের প্রতি কোনো নজর দেওয়া হয়নি। তিনি আরও অভিযোগ করেন, এই দীর্ঘ সময়ে স্থানীয় সরকার খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই সব দুর্নীতির তদন্ত করা হবে এবং ভবিষ্যতে যাতে দুর্নীতি না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।
মন্ত্রী জানান, জেলা প্রশাসকরা সম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন যা সরকার গ্রহণ করেছে। স্থানীয় সরকার কেবল রাস্তাঘাট সংস্কার নয়, বরং বিশুদ্ধ পানি সরবরাহ এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নেও কাজ করবে বলে তিনি উল্লেখ করেন। এ ধরনের সম্মেলন জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রণালয়ের কাজের সমন্বয় বাড়াতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে বলেও তিনি মন্তব্য করেন। এই ঘোষণার মধ্য দিয়ে দেশে তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরুর স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল।
এ রহমান
মন্তব্য করুন: