অপপ্রচারের বিরুদ্ধে সুনামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভিকটিমদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধ অপপ্রচার এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১৪ জুন (রবিবার) বেলা ১টায় সরকারি কলেজে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল।
দুপুর ১টা বাজার আগেই কলেজের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও শিবিরের অপকর্মের বিরুদ্ধে স্লোগানসহ কলেজ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। মুহূর্তের মধ্যেই পুরো ক্যাম্পাস প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ছাত্রশিবির রাজনৈতিক ফায়দা লুটতে নিজেদের নেতাকর্মীদের আত্মগোপনে রেখে ‘গুম ও অপহরণের নাটক’ সাজাচ্ছে। এর মাধ্যমে তারা প্রকৃতপক্ষে অতীতে ঘটে যাওয়া সুনির্দিষ্ট গুমের ঘটনার শিকার পরিবারগুলোর আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে এবং প্রকৃত ভিকটিমদের চরমভাবে অবমাননা করছে। বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘবদ্ধভাবে সিন্ডিকেট তৈরি করে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল।
সমাবেশে ছাত্রদল নেতারা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, তথাকথিত আদর্শের আড়ালে শিবিরের গুপ্ত নেতাকর্মীরা দেশজুড়ে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের মতো সামাজিক অপরাধ ও জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এসব অপরাধীদের মুখোশ উন্মোচন করে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
সরকারি কলেজ ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই বিক্ষোভ সমাবেশ এক বিশাল জনসমাবেশে রূপ নেয়। সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সভাপতি, সরকারি কলেজ ছাত্রদল মুহিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আজহারুল ইসলাম রুহান, সহ-সভাপতি সাইফুল মিয়া সাইফ, আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদকমবখতিয়ার ইয়াসির নাঈম। এছাড়াও কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এই প্রতিবাদী সমাবেশে অংশ নেন।
সমাবেশের সমাপনী বক্তব্যে সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মুহিবুর রহমান বলেন,শিক্ষাঙ্গন ও দেশের মাটিতে কোনো ধরনের অপপ্রচার, ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ এবং গুমের নাটক সাজিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা বরদাশত করা হবে না। ছাত্রদল অতীতের মতোই সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে যেকোনো অপশক্তি এবং অপরাধ চক্রের বিরুদ্ধে রাজপথে দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কলেজের প্রধান প্রধান সড়ক ও চত্বর প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আজকের এই এক দিনের কর্মসূচি শান্তিপূর্ণ ও সফলভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।
প্রীতম দাস/ তানজুবা তাবাসসুম
মন্তব্য করুন: