মিশর ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় আর্জেন্টিনা

মিশর ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় আর্জেন্টিনা

প্রথম ডেস্ক

০৫/০৭/২০২৬ ১৩:০৮:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের মুখোমুখি হওয়ার আগে বড় দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের কঠিন লড়াইয়ের পর দলের একাধিক ফুটবলার শারীরিক ক্লান্তি ও পেশির সমস্যায় ভুগছেন। গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের আগে খেলোয়াড়দের এই ফিটনেস সংকট নিয়েই এখন মূল উদ্বেগ কোচ লিওনেল স্কালোনির শিবিরে। খবর টিওয়াইসি স্পোর্টসের।

গত ম্যাচে বাম প্রান্তের ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোর পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া ফাকুন্দো মেদিনাকে নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে তুলে নিতে হয়। মূলত পেশিতে টান (ক্র্যাম্প) পড়ার কারণে তিনি মাঠ ছাড়েন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি মেদিনার শারীরিক অবস্থা নিয়ে বলেন, "ক্র্যাম্প নিয়েই সে খেলা শেষ করেছে।" তবে এটি গুরুতর কোনো চোট নয় বলে জানা গেছে।

একই সমস্যায় ভুগেছেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজও। অতিরিক্ত সময়ে একাধিকবার তাঁকে মাঠেই স্ট্রেচিং করতে দেখা যায়। দলের বদলি খেলোয়াড় নামানোর সুযোগ শেষ হয়ে যাওয়ায় পুরো ম্যাচই খেলতে হয় তাঁকে। তিনি বর্তমানে সুস্থ থাকলেও শারীরিকভাবে বেশ ক্লান্ত। চোটের তালিকায় রয়েছেন নিকোলাস গঞ্জালেজও। দ্বিতীয়ার্ধের ১৯তম মিনিটে থিয়াগো আলমাদার বদলি হিসেবে মাঠে নামার পর এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে তাঁর বাম গোড়ালি মচকে যায়। তবে কোনো সমস্যা ছাড়াই ম্যাচ শেষ করেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফুটবলার।

অন্যদিকে, অধিনায়ক লিওনেল মেসি এবং মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার পুরো ম্যাচ খেলেছেন। অতিরিক্ত সময় শেষে দুজনেই প্রচণ্ড ক্লান্ত থাকলেও তাঁদের কোনো চোটের সমস্যা নেই। এদিকে মিয়ামিতে আঘাত হানা প্রবল ঝড়ের কারণে আর্জেন্টিনার নির্ধারিত মাঠের অনুশীলন বাতিল করা হয়েছে। শনিবার মাঠে অনুশীলনের পরিবর্তে হোটেলের জিমেই সময় কাটিয়েছেন ফুটবলাররা। এখন কোচিং স্টাফের প্রধান লক্ষ্য খেলোয়াড়দের দ্রুত শারীরিক ধকল কাটিয়ে উঠতে সাহায্য করা।

বিশ্বকাপের ঠাসা সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্কালোনি বলেন, "এখন আমাদের বিশ্রামের সময়। আমি জানি না বিশ্বকাপ কীভাবে আয়োজন করা হয়, তবে আগের ম্যাচের আগে আমরা ছয় দিন সময় পেয়েছিলাম, আর এখন নকআউট ম্যাচের আগে হাতে আছে মাত্র সাড়ে তিন দিন। যখন সবচেয়ে বেশি বিশ্রামের প্রয়োজন, তখনই সবচেয়ে কম বিশ্রাম পাওয়া যাচ্ছে। সূচিটা আরও বিবেচনা করে তৈরি করা উচিত ছিল।"

তানজুমা তাবাসসুম

মন্তব্য করুন: