হবিগঞ্জে টিকটক ভিডিও নিয়ে সংঘর্ষে আহত ২০
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ-পূর্ব ইউনিয়নে মাদরাসাছাত্রীকে নিয়ে টিকটক ভিডিও তৈরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার প্রথমরেখা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রীকে নিয়ে টিকটক ভিডিও তৈরির বিষয়কে কেন্দ্র করে প্রথমরেখা এলাকার মিশুক চালক শামীম ও ট্রলি চালক শিবলু মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয় এবং শনিবার সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত হয়।
তবে, শনিবার বিকেলে সালিশের আগেই উভয় পক্ষের লোকজন একটি দোকানে মুখোমুখি হলে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এবং দোকানে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। এতে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তানজুমা তাবাসসুম
মন্তব্য করুন: