শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর সাপ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে উপজেলার রামনগর মনিপুরী পাড়া এলাকার খলিলুর রহমানের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই বাড়িটির আশপাশে সাপটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতে আবার সাপটি দেখতে পেয়ে বাড়ির মালিক খলিলুর রহমান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। তারা সাপটি শনাক্ত করে এটি বিষধর শঙ্খিনী (Bungarus fasciatus) বলে নিশ্চিত করেন।
পরে ফাউন্ডেশনের সদস্যরা সতর্কতার সঙ্গে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এরপর সেটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, কোথাও বন্যপ্রাণী দেখা গেলে বা কোনো প্রাণী আহত কিংবা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে আতঙ্কিত না হয়ে নিকটস্থ বন বিভাগ অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়া উচিত।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: