গুচ্ছ কবিতা
রাজেশকান্তি দাশ এর কবিতা ‘তমসাপুরাণ ও অন্যান্য’
একটি সুন্দর পৃথিবীর স্বপ্নে
•
বনসাই রাত গল্প বলে ভোরের রৌদ্রের
আমি তার ছায়া মেখে এগিয়ে যাই---
আলো আলো বলে
পথে-অপথে; দূর...
কত দূর? দিগন্তের মার্জিন চেয়ে আছে
হতে চাই মানুষের চিরভাস্বর রৌদ্রের নদী
অস্তিত্ব অস্তিত্ব
অপার মধুর
তার রোদজল নিংড়ে নেবে কাপুরুষোতম যুদ্ধোল্লাস
আর অস্ত্রের জাতীয়তাবাদ
একটি সুন্দর পৃথিবী কি তখন করবে ফিসফাস?
তমসাপুরাণ
•
কালি-কলম বন্দি ব্র্যাকেটের ভিতর
ক্ষত ও ক্ষোভের বিবিধ অধ্যায়
শাসক শস্ত্রে ঢাকা
দীর্ঘশ্বাসে ভরে ওঠে অরোরা আকাশ
এ কেমন তমসা?
আমার ধমনি মস্তিষ্ককে জানান দিচ্ছে
অগণন মানুষ
তমসার উপকূলে দাঁড়ানো...
সামন্তাচরণ ও মন বিষয়ক থেরাপি
•
বড়ো খারাপ অবস্থায় আছি
চোখ রাঙানির ভিতর
হাতের পাঁচটি আঙুলই তার শিষ্য
হিমযুগে আমার পূর্বপুরুষ এরকম অবস্থায় ছিল কি না সন্দেহ!
শকুনের মতো ওরা সওয়ার হচ্ছে জ্ঞানবৃক্ষের ওপর!
একটা সংশোধনাগার স্থাপন করেছি
চোখ রাঙানির ডেরায়---সামন্তাচরণের মসিলিপ্ত পাঁজরে
মন থেরাপি দেব ভাবছি...
ফুল ফুটছে
জলসা বাড়ছে
পাখিরা উড়ছে---তবু পথ অনেক বাকি!
সিনথেটিক আলো আরও ছড়াতে হবে জানি!
তবু লেগে থাকব---আমি লেগে থাকার সূত্র মানি।
আঁধার সেদ্ধ করার...
হে সূর্য, পাশে থেকো...
বাতাসের আত্মা
•
ওই যে মেঘালয় পাহাড়
তার সবুজাভ আলো
একদিন ছিল আমাদের নির্জন বিশ্ব
কবিতার বর্ণমালা।
পাহাড়ের নুড়ি
উঁচু উঁচু গাছের সবুজ পাতা
অগণিত ছায়াদল, পাখির মিছিল
আমরা যখন বাতাস হয়ে যাব
ভাস্বর থাকবে।
চোখের নীলিমায়
স্বর্গীয় সুন্দর হয়ে থাকবে।
স্মৃতিরেখা নদীর পাড়ে---
বাতাসের আত্মা হয়ে আমরা শুনব
তার গান।
ভালোবাসা, একটি গাছের নাম
•
ফিরে আসা---সে খুব দূর নয়
কিংবা কত দূর?
আমার চোখের হাসি তোমার দীর্ঘ গল্প
এর আবয়বিক অতীত নিয়ে
প্রশ্ন নাই বা তুললাম!
সেই কবে থেকে তিলে তিলে
গড়ে ওঠেছে এ গাছ---ভালোবাসা
ভুলতে পারবে?
_______________
(রাজেশকান্তি দাশ। কবি)
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: