৬ ডিআইজিকে বদলি ও পদায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বিভিন্ন রেঞ্জ ও গুরুত্বপূর্ণ ইউনিটে বদলি ও পদায়ন করেছে সরকার। আজ রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার ডিআইজি আশিক সাঈদকে পাঠানো হয়েছে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে। অন্যদিকে, পুলিশ সদর দপ্তরে কর্মরত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জে, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে খুলনা শিল্পাঞ্চল পুলিশে এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের উপসচিব স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
তানজুমা তাবাসসুম
মন্তব্য করুন: