বঙ্গবাজারে অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার
বহুল আলোচিত রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. আফজাল হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার (৬ জুলাই) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
তদন্ত কর্মকর্তা আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে এ মামলার আসামি আফজাল হোসেনের ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্য জানিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় মো. কামাল হোসেন রিপন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় আফজাল হোসেনসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০–৩০ জনকে আসামি করা হয়।
সজল আহমেদ
মন্তব্য করুন: