বিশ্বের ১২ দেশে ছড়িয়েছে ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা

পাঁচ বছরে রেকর্ড প্রবৃদ্ধি

বিশ্বের ১২ দেশে ছড়িয়েছে ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা

প্রথম ডেস্ক

২৪/০৭/২০২৬ ২২:১২:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) গত পাঁচ বছরে অভূতপূর্ব প্রবৃদ্ধি অর্জন করে দেশের ডিজিটাল অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে ভারতের ৫৫ কোটি ৪৯ লাখের বেশি ব্যবহারকারী ইউপিআই প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন এবং ভারতের এই তাৎক্ষণিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বিশ্বের ১২টি দেশে সম্প্রসারিত হয়েছে।


২০১৬ সালের ১১ এপ্রিল ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) ভারতীয় রিজার্ভ ব্যাংকের (আরবিআই) তত্ত্বাবধানে ইউপিআই চালু করে। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭-এর আওতায় পরিচালিত এই প্ল্যাটফর্ম আজ ভারতের ডিজিটাল লেনদেনের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে।


ভারতের চলমান সংসদের বর্ষাকালীন অধিবেশনে লোকসভার সদস্য ড. মান্না লাল রাওয়াত ইউপিআই ব্যবহারকারী, লেনদেনের পরিসংখ্যান, বিদেশে ইউপিআইয়ের ব্যবহার এবং এর নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেন। এর জবাবে ২২ জুলাই ২০২৬ অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, ২০২৬ সালের জুন পর্যন্ত ইউপিআই প্ল্যাটফর্মে ৫৫.৪৯ কোটি ব্যবহারকারী নিবন্ধিত হয়েছেন।


তিনি জানান, ইউপিআইভিত্তিক লেনদেনকে আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও স্বচ্ছ করতে ভারত সরকার, ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং এনপিসিআই যৌথভাবে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ঝুঁকিভিত্তিক লেনদেন সীমা নির্ধারণ, অননুমোদিত মোবাইল নম্বর পরিবর্তন ও এসএমএসভিত্তিক প্রতারণা প্রতিরোধ, ইউপিআই অ্যাপ্লিকেশনের উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং কমপ্রিহেনসিভ ইউপিআই ইনফরমেশন সিকিউরিটি ফ্রেমওয়ার্ক (সিইউআইএসএফ) ২০২৫ ও মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি ফ্রেমওয়ার্ক বাস্তবায়ন।


সরকারি তথ্য অনুযায়ী, ২০২১–২২ অর্থবছরে ইউপিআইয়ের মাধ্যমে ৪,৫৯৫.৬১ কোটি লেনদেন সম্পন্ন হয়, যার মোট মূল্য ছিল ৮৪.১৬ লাখ কোটি রুপি। ২০২২–২৩ অর্থবছরে লেনদেনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮,৩৭১.৪৪ কোটি, ২০২৩–২৪ অর্থবছরে ১৩,১১২.৯৫ কোটি এবং ২০২৪–২৫ অর্থবছরে ১৮,৫৮৬.৬০ কোটি। সর্বশেষ ২০২৫–২৬ অর্থবছরে ইউপিআই সর্বোচ্চ ২৪,১৬১.৬৯ কোটি লেনদেন সম্পন্ন করে, যার আর্থিক মূল্য ৩১৪.২৩ লাখ কোটি রুপি।


অর্থ প্রতিমন্ত্রী আরও জানান, ২০২০ সালে প্রতিষ্ঠিত এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড (এনআইপিএল) বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ইউপিআই এবং রুপে কার্ড নেটওয়ার্ককে আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণ করছে। এর ফলে ভারতীয় পর্যটক, শিক্ষার্থী ও প্রবাসীরা বিদেশে সহজে ডিজিটাল লেনদেন করতে পারছেন। একই সঙ্গে অংশীদার দেশগুলোকে ইউপিআইয়ের আদলে আধুনিক তাৎক্ষণিক পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতেও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে।


ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি, নিরাপদ লেনদেন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ইউপিআই এখন শুধু ভারতের নয়, বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থারও একটি গুরুত্বপূর্ণ মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad