তাহিরপুরে চিরনিদ্রায় বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক উস্তার আলী আখঞ্জী

তাহিরপুরে চিরনিদ্রায় বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক উস্তার আলী আখঞ্জী

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৯/০৮/২০২৬ ১৯:১১:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যে মাটির স্বাধীনতার জন্য একাত্তরে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, সেই স্বাধীন বাংলাদেশের মাটিতেই রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ শিক্ষক উস্তার আলী আখঞ্জী। দেশের জন্য লড়াই করা এই বীর সন্তান জীবনের দীর্ঘ সময় শিক্ষকতা করে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়েছেন জ্ঞানের আলো। তাঁর মৃত্যুতে টাঙ্গুয়ার হাওরপাড়ের তরং গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

১৯৪৬ সালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরসংলগ্ন তরং গ্রামে জন্মগ্রহণ করেন উস্তার আলী আখঞ্জী। ১৯৬৪ সাল থেকে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হন এবং দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেন। ১৯৭১ সালে স্বাধীনতার ডাক এলে তিনি দেশ ও মানুষের মুক্তির জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ৫ নম্বর সাব-সেক্টরের টেকেরঘাটে তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন।

মুক্তিযুদ্ধের বীরত্বের পাশাপাশি শিক্ষক হিসেবেও উস্তার আলী আখঞ্জী ছিলেন নিবেদিতপ্রাণ। পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নীতি, আদর্শ ও দেশপ্রেমের শিক্ষা দিতেন। এলাকাবাসীর কাছে তিনি অত্যন্ত ধর্মপরায়ণ, সৎ ও সহজ-সরল মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন। ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং বিনয়ী আচরণের কারণে সমাজে তাঁর বিশেষ সম্মান ও গ্রহণযোগ্যতা ছিল।

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দুই মেয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত, বড় ছেলে সাংবাদিকতা করছেন, মেজো ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত এবং ছোট ছেলে অধ্যয়নরত।

দাফনের আগে তাহিরপুর থানা পুলিশের একটি দল এসআই ইসলামের নেতৃত্বে এই বীর সন্তানকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনউর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা নওশাদ মিয়াসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনে আরও অংশ নেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশহিদ আলম, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শফিউল আলমসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষ বিদায়ের সময় স্বজন, সহকর্মী, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসী শ্রদ্ধাভরে স্মরণ করেন এই বীর সন্তানকে। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান, নিবেদিত শিক্ষকতা ও নীতি-আদর্শের কথা স্মরণ করে সবাই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একাত্তরের সেই বীরের দেহাবসান হলেও তাঁর মুক্তিযুদ্ধের গৌরব ও দেশপ্রেমের স্মৃতি আবহমান কাল ধরে প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে।

শামসুল আলম আখঞ্জী / নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad