সিলেটে র‍্যাবের অভিযানে বিদেশি মদসহ আটক ২

সিলেটে র‍্যাবের অভিযানে বিদেশি মদসহ আটক ২

প্রথম সিলেট প্রতিবেদন

২৯/০৭/২০২৬ ১৭:৫১:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন বালুচর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

বুধবার (২৯ জুলাই) র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে শাহপরাণ থানার ৩৬ নম্বর ওয়ার্ডের বালুচর নতুন বাজার সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। অপর একজন অন্ধকারের সুযোগে পালিয়ে যান।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির নিচতলার একটি স্টোররুমে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮৮২ বোতল (৪৫০ দশমিক ১১৫ লিটার) বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মধ্যে রয়্যাল গ্রিন, রয়্যাল স্ট্যাগ, ব্লেন্ডার্স প্রাইড, সিগনেচার প্রিমিয়ার গ্রেইন হুইস্কি, আইকনিক হোয়াইট, ওল্ড মঙ্ক, আইস ভদকা, ম্যাজিক মোমেন্টস এবং কিংফিশার স্ট্রং সুপার প্রিমিয়াম বিয়ারসহ বিভিন্ন ব্র্যান্ডের মদ রয়েছে।

আটক দুজন হলেন শাহপরাণ থানার উত্তর বালুচর এলাকার আবু শিতাব (৪০) ও মহর আলী (২৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, পলাতক সহযোগীসহ সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে মজুত রেখেছিলেন।

এ ঘটনায় আটক দুইজন ও পলাতক এক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দকৃত আলামতসহ তাদের শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার) এ কে এম শহীদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাইফুল ইসলাম বাবু / আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad