সিলেটের উপশহর থেকে মোবাইল গেমে আসক্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেট নগরীর উপশহর এলাকা থেকে মোবাইল গেমে আসক্ত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে শাহপরান থানাধীন উপশহর এলাকার একটি বাসার শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম রাব্বী আহমদ (২৯)। সে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দুসপুর গ্রামের মো. আবু তাহেরের ছেলে। সে পরিবারের সঙ্গে উপশহর ১নং রোডের এফ-ব্লকের ২১ নম্বর বাসার নিচতলায় ভাড়া থাকতো।
পুলিশ জানায়, রাব্বী দীর্ঘ সময় ধরে মোবাইল গেমে আসক্ত ছিলেন। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে না ওঠায় তার বাবা ও ভাই দরজার সামনে গিয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে তাকে দ্রুত নগরীর ইবনে সিনা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শাহপরান (রহ.) থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এর সত্যতা নিশ্চি করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তাহির আহমদ/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: