‘মাফিয়াদের আশ্রয় দিলে তারেক রহমানের বিরুদ্ধেও কথা বলব’: সারজিস আলম

‘মাফিয়াদের আশ্রয় দিলে তারেক রহমানের বিরুদ্ধেও কথা বলব’: সারজিস আলম

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

৩১/০৭/২০২৬ ২১:০৭:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, প্রশাসনিক নিয়োগে দলীয়করণ হচ্ছে। এভাবে চলতে থাকলে এর মাশুল সাধারণ মানুষকেও দিতে হবে। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে দলীয় নেতারা যদি প্রশাসনে দলীয়করণের বিষয়ে নীরব থাকেন, তাহলে সরকারি নিয়োগে মেধাবীদের বদলে অযোগ্য প্রার্থীরা টাকার বিনিময়ে সুযোগ পেয়ে যাবেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘‘যদি সিস্টেমটা নষ্ট হয়ে যায়, একটা শিক্ষাপ্রতিষ্ঠানের মান যদি ধ্বংস হয়ে যায়, আপনি বিএনপি করলেও আপনার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। সিস্টেমটা নষ্ট হয়ে গেলে কেউ ছাড় পাবেন না।’’

তিনি বলেন, ‘‘ক্ষমতায় থাকা যে কোনো দল বা ব্যক্তির অনিয়মের বিরুদ্ধে এনসিপি কথা বলে যাবে। প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা সংসদ সদস্য যেই সমালোচনার যোগ্য কাজ করবেন, তিনি যতই ক্ষমতাসীন হোন না কেন, তার সমালোচনা করা হবে।’’

বিএনপির উদ্দেশে সারজিস আলম বলেন, ‘‘বিএনপির মধ্যে ক্ষমতার অপব্যবহারকারী অংশের বিরুদ্ধে তারেক রহমান ব্যবস্থা না নিলে তার বিরুদ্ধেও সমালোচনা করা হবে। এই ধরনের লুটেরা মাফিয়াদের থেকে বিএনপিকে যদি তিনি বাঁচাতে না পারেন, অথবা তাদের আশ্রয় দেন, তাহলে তার বিরুদ্ধেও কথা বলতে আমরা এক চুল ছাড় দেব না।’’

তিনি আরও বলেন, ‘‘আমাদের আগামী লড়াই দলীয় লড়াই নয়। এটি বিএনপি-এনসিপি-জামায়াতের লড়াইও নয়। এটি ভালো ও মন্দ, ন্যায় ও অন্যায়ের মধ্যে লড়াই।’’

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সোহেল রানা / নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad