জৈন্তাপুরে বিজিবির গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিজিবির গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির এক প্রতিনিধি নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন (৩৫) বিকন ফার্মাসিউটিক্যালসের জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি ছিলেন। তার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়।
জানা গেছে, উপজেলা সদরের একটি এটিএম বুথে কোম্পানির টাকা জমা দিয়ে মোটরসাইকেলে কর্মস্থল দরবস্তের উদ্দেশে রওনা হন সাদ্দাম। সারীঘাট পাথরঘাট মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ৪৮ বিজিবির একটি গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জৈন্তাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্চয় চক্রবর্তী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিজিবি সদস্যরা মরদেহ জৈন্তাপুর হাসপাতালে নিয়ে যান। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সাইফুল ইসলাম বাবু /নীরব চাকলাদার
মন্তব্য করুন: