হবিগঞ্জে ডেপুটি রেঞ্জারের ওপর হামলা ও লুটপাট, থানায় অভিযোগ

হবিগঞ্জে ডেপুটি রেঞ্জারের ওপর হামলা ও লুটপাট, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

০৭/০৮/২০২৬ ১২:৪৮:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাটে বনদস্যু ও অবৈধ কাঠপাচারকারীদের বিরুদ্ধে একের পর এক অভিযান পরিচালনা ও মামলা দায়েরের জের ধরে সিলেট বন বিভাগের এক কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে। সিলেটের বন বিভাগের সাবেক ও বর্তমানে মৌলভীবাজারের কুলাউড়া রেঞ্জে কর্মরত ডেপুটি রেঞ্জার সৈয়দ আশিক আহমদ (৫৪) হামলার শিকার হয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে চুনারুঘাট উপজেলার ১০ নম্বর মিরাশি ইউনিয়নের রতনপুর গ্রামের মিজানুর রহমান সোহাগকে প্রধান অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত হবিগঞ্জ বন বিভাগে দায়িত্ব পালনকালে সৈয়দ আশিক আহমদ বন অপরাধ দমনে একাধিক আইনি ব্যবস্থা নেন। এর জের ধরে অভিযুক্ত সোহাগ ও তার সহযোগীরা তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল।

গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে নালমুখ-সাটিয়াঝুরি সড়কে ডেপুটি রেঞ্জারের মোটরসাইকেলের গতি রোধ করে অভিযুক্তরা। অভিযোগ অনুযায়ী, তাকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে ফেলে পিটিয়ে আহত করা হয়। এ সময় তার মোবাইল ফোন ও ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর এবং নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেন ওই কর্মকর্তা। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। আহত কর্মকর্তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে বিভাগীয় বন কার্যালয়ের তদারকি সংক্রান্ত অভ্যন্তরীণ তথ্যমতে, সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা-কালেঙ্গা অভয়ারণ্য থেকে অবৈধভাবে গাছ কাটার সঙ্গে অভিযুক্ত সোহাগের নাম জড়িয়েছে। স্থানীয় সূত্র ও অভিযোগে প্রকাশ, সাবেক সংসদ সদস্যের পরিচয় এবং প্রশাসনিক কর্মকর্তাদের উপহারসামগ্রী (অনৈতিক সুবিধা) দিয়ে তিনি প্রভাব বিস্তার করতেন।

চুনারুঘাট থানার তথ্যমতে, অভিযুক্ত মিজানুর রহমান সোহাগের বিরুদ্ধে বিগত বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের একটি মামলাসহ (জিআর ১৮৯/২৪) একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী ডেপুটি রেঞ্জার সৈয়দ আশিক আহমদ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, "এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad