গ্যাস না পাওয়ায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ, পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক

গ্যাস না পাওয়ায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ, পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক

উজ্জীবক সুজন তালুকদার, ছাতক প্রতিনিধি

১৪/০৮/২০২৬ ২১:৩৮:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিয়মিত সিএনজি গ্যাস সরবরাহ না পাওয়ার অভিযোগে সুনামগঞ্জের ছাতকে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে দ্রুত গ্যাস সংকট সমাধানের দাবি জানান।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাম্পে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেক সময় রাত-দিন অপেক্ষা করেও গ্যাস মিলছে না। কর্তৃপক্ষও স্পষ্ট করে কিছু বলছে না, ফলে আয়-রোজগার বন্ধ হয়ে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি পাম্প ম্যানেজারের সঙ্গে কথা বলে শ্রমিকদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সাময়িকভাবে গ্যাস সরবরাহ চালুর অনুরোধ জানান।

পরে শ্রমিকদের উদ্দেশ্যে ওসি মিজানুর রহমান বলেন, শ্রমিকদের কষ্ট আমরা বুঝি, তবে সড়ক অবরোধ করে সাধারণ মানুষকে জিম্মি করা যাবে না। অবরোধের কারণে মুমূর্ষু রোগীসহ সাধারণ যাত্রীরা আটকে পড়ে ভোগান্তিতে পড়েছেন। সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে ও শান্তিপূর্ণ উপায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে হবে।

জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সুহেল আহমদ ও সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম বলেন, গ্যাস না পেলে শ্রমিকরা গাড়ি চালাবে কীভাবে আর পরিবার নিয়ে বেঁচে থাকবে কীভাবে? আমরা দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চাই।

পরবর্তীতে পুলিশের অনুরোধ ও আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে সরে দাঁড়ালে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যানবাহন চলাচল শুরু হয়।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad