হবিগঞ্জে ইউএনওকে লাঞ্ছিত করা সেই ছাত্রদল নেতা ক্ষমা চাইলেন ফেসবুকে
হবিগঞ্জের বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য শুমারির জন্য তথ্য সংগ্রহকারী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীকে অফিসকক্ষে ঢুকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগের পর ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওবার্তা দিয়েছেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেদোয়ান তালুকদার।
জানা যায়, ফ্যামিলি কার্ডের তথ্য শুমারির তথ্য সংগ্রহকারী নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে সম্প্রতি বানিয়াচং উপজেলা পরিষদ এলাকায় বিক্ষোভ করেন পদবঞ্চিতদের একাংশ। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, একপর্যায়ে কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন এবং ইউএনও মাহমুদা বেগম সাথীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তাকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং সরকারি দপ্তরে এ ধরনের আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহলে।
এরই মধ্যে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেদোয়ান তালুকদার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওবার্তা দেন। সেখানে তিনি ইউএনও মাহমুদা বেগম সাথীর কাছে ক্ষমা প্রার্থনা করেন বলে জানা গেছে।
ভিডিওবার্তায় তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটার বিষয়ে প্রতিশ্রুতি দেন।
তবে ইউএনওকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির ঘটনায় তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনার পর বানিয়াচং উপজেলা প্রশাসন ও স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। সরকারি কর্মকর্তার কার্যালয়ে ঢুকে হুমকি ও অসৌজন্যমূলক আচরণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।
স্বপন রবি দাস/ নীরব চাকলাদার
মন্তব্য করুন: