নগদ টাকা ও চিকিৎসা সরঞ্জাম লুট
ফেঞ্চুগঞ্জে আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্রে মব সৃষ্টি করে হামলা
সিলেটের ফেঞ্চুগঞ্জে ‘ইনডেক্স ল্যাবরেটরীজ (আয়ু) লিমিটেড’-এর ফ্রি আয়ুর্বেদিক চিকিৎসা সেবা ও বিক্রয় কেন্দ্রে মব সৃষ্টি করে হামলা, নগদ টাকা ও চিকিৎসা সরঞ্জাম লুট এবং ওষুধে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির সিলেট বিভাগীয় পরিচালক (মার্কেটিং) ফারুকুল ইসলাম তালুকদার গতকাল বুধবার ( ১৯ আগস্ট) ফেঞ্চুগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গত ১৬ আগস্ট উপজেলার মাইজগাঁও ইউনিয়নের কর্মধা জামে মসজিদের সামনে ইদ্রিস মার্কেটে একদিনের ফ্রি চিকিৎসা সেবা চালু করে প্রতিষ্ঠানটি। সকাল ১১টার দিকে মো. আব্দুল মুমিন নামে এক ব্যক্তি নিজেকে ‘স্বদেশ বিচিত্রা’ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে প্রতিষ্ঠানের কাগজপত্র দেখতে চান। একপর্যায়ে তিনি ও তার সহযোগীরা চিকিৎসাসেবা বন্ধের জন্য হুমকি দেন এবং ওষুধ নকল ও ভেজাল বলে প্রচার করেন বলে অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হলে লোকজন জড়ো হন।
প্রতিষ্ঠানটির অভিযোগ, এ সময় তাদের দুই কর্মকর্তার কাছ থেকে নগদ ৩০ হাজার ৮০০ টাকা, চিকিৎসা সরঞ্জাম, বিভিন্ন ওষুধ ও অন্যান্য সামগ্রী নিয়ে যাওয়া হয়। পরে প্রায় ৩ লাখ ৩১ হাজার টাকা মূল্যের ওষুধে অগ্নিসংযোগ করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালক ফারুকুল ইসলাম তালুকদার বলেন, সাংবাদিক পরিচয়ধারী এক ব্যক্তি আমাদের চিকিৎসাসেবায় বাধা দেন এবং ওষুধ নকল বলে প্রচার করেন। পরে আমাদের নগদ টাকা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে যাওয়া এবং ওষুধে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ইনডেক্স ল্যাবরেটরীজের চেয়ারম্যান মিজানুর রহমান ফরাজি ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, এধরনের ঘটনা কোনো সভ্য সমাজে কাম্য নয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগে- মো. আব্দুল মুমিন (৪৫), ইউপি সদস্য শিব চক্রবর্তী (৪৫), মাইজগাও ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জুবেদ আহমেদ চৌধুরী শিপু (৫৫), রুহেল মিয়া (৩০), হারিছ মিয়া (৪৮) ও ‘কর্নেল’ (৫০) নামে পরিচিত এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ওসি লুৎফুর রহমান প্রথম সিলেটকে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তাহির আহমদ/ আর আর
মন্তব্য করুন: