প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছে নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের বিশেষ গান ‘হে প্রিয়, আমারে দিব না ভুলিতে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন দুই গুণী শিল্পী ড. প্রিয়াংকা গোপ ও বর্ণালী সরকার।
গানটির সঙ্গীত পরিচালনা করেছেন তরুণ সঙ্গীত পরিচালক ও সেতারবাদক জাহাঙ্গীর আলম (শ্রাবণ) নজরুলের সৃষ্টিকর্মের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ তৈরি এবং তাঁর কালজয়ী সৃষ্টিকে নতুন আঙ্গিকে শ্রোতাদের কাছে তুলে ধরার লক্ষ্যেই গানটির এই আয়োজন। নজরুলের গান ও দর্শনের মূল আবেগ ও সৌন্দর্য অক্ষুণ্ন রেখে সমকালীন সঙ্গীত ভাবনার সঙ্গে এর সঙ্গীতায়োজন করা হয়েছে।
গানটির দুই শিল্পী প্রিয়াংকা গোপ ও বর্ণালী সরকার তাঁদের স্বতন্ত্র গায়কী ও আবেগঘন পরিবেশনার মধ্য দিয়ে গানটিকে ভিন্ন মাত্রা দিয়েছেন। দুই শিল্পীর কণ্ঠের বৈচিত্র্য এবং পারস্পরিক সংলাপধর্মী পরিবেশনা গানটির আবেগকে আরও গভীর করেছে।
সঙ্গীত পরিচালক জাহাঙ্গীর আলম (শ্রাবণ) বলেন, নজরুলের গান নিয়ে কাজ করা একই সঙ্গে আনন্দের ও দায়িত্বের। তাঁর ভাষায়, নজরুলের সৃষ্টিকে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দিতে হলে ঐতিহ্যকে সম্মান করার পাশাপাশি সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সঙ্গীত ভাবনাও জরুরি। সেই ভাবনা থেকেই ‘হে প্রিয়, আমারে দিবো না ভুলিতে’ গানটির সঙ্গীতায়োজন করা হয়েছে।
নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে যখন কবির সাহিত্য, সংগীত ও জীবনদর্শন নিয়ে নানা আয়োজন চলছে, ঠিক সেই সময়ে প্রকাশিত এই গানটি নজরুলপ্রেমী শ্রোতাদের জন্য একটি বিশেষ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলা সাহিত্য ও সংগীতের ইতিহাসে কাজী নজরুল ইসলামের অবদান অনন্য। প্রেম, দ্রোহ, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার চেতনায় তাঁর সৃষ্টিকর্ম আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাই কবির মৃত্যুবার্ষিকীতে তাঁর সৃষ্টিকে নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে ও নতুন সংগীত ভাবনায় উপস্থাপনের এই উদ্যোগ নজরুলের সৃষ্টিকে নতুন করে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। Orange business development (Orangebd) এর সহযোগিতায় নির্মিত এই আয়োজনটি উন্মুক্ত করা হয়েছে বিভিন্ন অনলাইন প্লাটফর্ম সহ Covered By Shraban এবং Barnali Sarkar ইউটিউব চ্যানেলে ।
রত্না বাউরী
মন্তব্য করুন: