ঢাকা-সিলেট মহাসড়কের সুফল পেতে অপেক্ষা করতে হবে ২০২৯ পর্যন্ত: সেতুমন্ত্রী
ঢাকা-সিলেট মহাসড়কের দুর্ভোগ লাঘবে সিলেটবাসীকে আরও প্রায় তিন বছর অপেক্ষা করতে হবে। ২০২৯ সালের মাঝামাঝি সময়ে মহাসড়কটি জনগণের ব্যবহার উপযোগী হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এ কথা জানান মন্ত্রী।
সংসদে বক্তব্যে মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের কাজ পূর্বে বেশ জরাজীর্ণ অবস্থায় ছিল। গত সাড়ে চার বছরে প্রকল্পটির মাত্র ১৮ শতাংশ জমি অধিগ্রহণ করা সম্ভব হয়েছিল। তবে গত ছয় মাসে তা ৬৫ শতাংশে উন্নীত করা হয়েছে। এছাড়া আগে ইউটিলিটি ও সার্ভিস শিফটিংয়ের কাজ স্থবির থাকলেও তা ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও জানান, প্রকল্পটির ভৌত কাজের অগ্রগতি আগে ছিল মাত্র ১৩ শতাংশ, যা গত ছয় মাসে বেড়ে ৩৮ শতাংশ ছাড়িয়েছে। আগামী দুই মাসের মধ্যে জমি অধিগ্রহণের বাকি কাজও শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সেতুমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০২৯ সালের মাঝামাঝি সময়ে সড়কটি চলাচলের জন্য পুরোপুরি উপযোগী হবে। এ ছাড়া জাতীয় গুরুত্ব বিবেচনা করে সিলেট অংশ থেকে প্রথম সাত কিলোমিটার সংস্কার করে অবিলম্বে চলাচলের উপযোগী করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: