দেনমোহরের টাকা নিয়ে বিরোধ
নবীগঞ্জে তরুণী হত্যা মামলার আসামী ভাইকে সিলেট থেকে গ্রেপ্তার
হবিগঞ্জের নবীগঞ্জে শাবানা বেগম (২৩) নামের এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যার মামলায় তাঁর ভাই শাহীন মিয়াকে (২৬) সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৯ আগস্ট উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাবানা বেগমের দেনমোহরের ৪০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা তাঁর ভাই শাহীন মিয়ার কাছে রাখা ছিল। ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ২৯ আগস্ট ভাই-বোনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাবানাকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় শাবানাকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে শাহীন মিয়া পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, শাবানা বেগম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি শাহীন মিয়াকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
শাবানার মা বাদী হয়ে আদালতে মামলাটি করেছেন। মামলায় শাবানার কথিত স্বামী আলাউদ্দিনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। শাবানাকে হত্যার অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
স্বপন রবি দাশ/ নীরব চাকলাদার
মন্তব্য করুন: