প্রশাসনের নির্লিপ্ততায় ধরাছোঁয়ার বাইরে সুনামগঞ্জের ডিলার সিন্ডিকেট

ভর্তুকির সার পাচার

প্রশাসনের নির্লিপ্ততায় ধরাছোঁয়ার বাইরে সুনামগঞ্জের ডিলার সিন্ডিকেট

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৭/০৯/২০২৬ ১৬:৩৯:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সরকারি কোটি কোটি টাকার ভর্তুকিযুক্ত সার পাচারে সরাসরি যুক্ত থাকা সত্ত্বেও ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছেন সুনামগঞ্জের একাধিক অসাধু ডিলার। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কিছু কর্মকর্তা, বিএডিসির গুদাম ও শ্রমিক চক্রের যোগসাজশে নিয়মনীতি তোয়াক্কা না করেই চলছে এই অনিয়ম। নির্ধারিত বরাদ্দের পাশাপাশি অন্যান্য ডিলারের সার অবৈধভাবে তুলে বিভিন্ন স্থানে পাচার করে দিচ্ছে এই চক্রটি। ফলে প্রতি মৌসুমে হাওরাঞ্চলে সারের তীব্র কৃত্রিম সংকট তৈরি হয় এবং কৃষকদের চরম ভোগান্তিতে পড়ে চড়া দামে সার কিনতে হয়।

অনুসন্ধানে জানা যায়, গত ১০ মে মল্লিকপুরের বিএডিসি গুদাম থেকে ১৮ জন ডিলারের সার একাই বেআইনিভাবে তুলে নিয়ে যাওয়ার সময় জামালগঞ্জের ডিলার আবুল কালামের চালান আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একইভাবে ধর্মপাশার ডিলার শামছু মিয়া ও তাহিরপুরের বাদাঘাটের ডিলার হাফিজুর রহমানের বিরুদ্ধেও সার পাচারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। নিয়মানুযায়ী চালান কাটার পর কৃষি কর্মকর্তার উপস্থিতিতে সার গুদামজাত করার কথা থাকলেও, মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা সুবিধা নিয়ে সরেজমিনে না গিয়ে এক প্রকার ভুয়া ‘এরাইভাল রিপোর্ট’ দিয়ে পাচারে সুযোগ করে দেন। এ নিয়ে জামালগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলা কৃষি কর্মকর্তাকে শোকজ করা হলেও পরবর্তীতে বিষয়টি ধামাচাপা পড়ে যায়।

সরকার প্রতি বস্তা সারে প্রায় সাড়ে ৫ হাজার টাকা ভর্তুকি দেয়। স্থানীয় হাওর আন্দোলনের নেতাদের মতে, সারের প্রতিটি ট্রাক সুনামগঞ্জের আব্দুজ জহুর সেতু পার করতে পারলেই এই সিন্ডিকেটের পকেটে ঢোকে অন্তত এক লাখ টাকা। অভিযুক্ত ডিলাররা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে অসুস্থতা বা ব্যক্তিগত কারণ দেখালেও বিএডিসির তদন্তে অনিয়মের সত্যতা মিলেছে। বিএডিসি সিলেট বিভাগের উপপরিচালক জানিয়েছেন, অনিয়মে জড়িত ১৭ জন ডিলারের ডিলারশিপ বাতিলের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে লিখিত সুপারিশ পাঠানো হয়েছে। পাশাপাশি, অনিয়মে কোনো কর্মকর্তা যুক্ত থাকলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

লতিফুর রহমান রাজু/ ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad