এশিয়ান গেমস নারী ক্রিকেটে শেষ চারে উঠেছে জ্যোতির দল
এশিয়ান গেমসের নারী ক্রিকেটে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। নাগোয়ায় চীনের বিপক্ষে ম্যাচটি মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হওয়ায় র্যাঙ্কিংয়ের সুবিধায় শেষ চারে উঠেছে নিগার সুলতানা জ্যোতির দল।
নির্ধারিত সময় পেরিয়ে গেলেও খেলার মতো অবস্থায় আসেনি মাঠ। শেষ পর্যন্ত আম্পায়ারদের তিন দফা পরিদর্শনের পর ম্যাচ বাতিল হলে ব্যাট-বল ছাড়াই সেমিফাইনালের জায়গা নিশ্চিত হয় বাংলাদেশের।
আগের কয়েক দিনের টানা বৃষ্টিতে নাগোয়ার মাঠ ভেজা ছিল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নতুন করে বৃষ্টি না হলেও উইকেটসহ মাঠের বিভিন্ন অংশ খেলার উপযোগী হয়ে ওঠেনি। স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও মাঠের অবস্থার কারণে টসও করা যায়নি।
পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চললেও আম্পায়াররা তিনবার মাঠ পর্যবেক্ষণ করেন। প্রতিবারই খেলা আয়োজনের অনুকূল পরিবেশ না পাওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এতে বাংলাদেশ ও চীন, কোনো দলই মাঠে নেমে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ পায়নি।
তবে ম্যাচ বাতিল হওয়ায় প্রতিযোগিতার নিয়মে এগিয়ে যায় বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে চীনের চেয়ে ওপরে থাকায় এশিয়ান গেমসের বাইলজ অনুযায়ী পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশ। বৈরী আবহাওয়া বা মাঠ অনুপযোগী থাকায় ম্যাচ আয়োজন সম্ভব না হলে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে পরের পর্বের দল নির্ধারণের বিধান রয়েছে।
নাগোয়ায় সেপ্টেম্বর মাসে সাধারণত বৃষ্টির প্রবণতা বেশি। সেই কারণে ম্যাচের আগেও প্রস্তুতিতে সমস্যায় পড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃষ্টির কারণে নিয়মিত অনুশীলন করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আবহাওয়া ও মাঠের অনুপযোগী অবস্থার প্রভাব পড়েছে ম্যাচের ফলাফলেও।
এদিকে এশিয়ান গেমসে বৃহস্পতিবার বাংলাদেশের নারী ফুটবল দলও মাঠে নামবে। ওসাকায় বিকেল ৪টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে তারা। নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে অবশ্য ১০ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়েছিল বাংলাদেশ।
ডিডি/ নীরব চাকলাদার
মন্তব্য করুন: